বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

এক সাথে : আবুল বাশার শেখ

শুধু কথা দাও থাকবে পাশে
যাবে না ছেড়ে এই হাত,
এক সাথে ভালবেসে দু’জনে
কাটাব মধুর এক রাত।
কাছে থেকো খুব কাছে
ভালবাসি আমি,এ জীবনে তুমি হায়
সব চেয়ে দামি।
তারিখ :- ২৮-৩-১৩

নিরব বোশেখ : আবুল বাশার শেখ

ছোট্ট বেলার বোশেখ মাস হারিয়ে গেছে ওরে,
স্মৃতিকথায় বৈশাখটা ভাসে মনের ঘরে।
হারিয়ে গেল কোথায় রে ভাই নবান্ন উৎসব
বোশেখ মাসের গ্রাম-গঞ্জের আনন্দ কলরব।
পান্তা ইলিশ স্বপ্ন এখন বাজার বেজায় চড়া
আগের মতো হয় না খাওয়া শাক সব্জির বড়া।
জারি সারি বাউলের গান হারিয়ে গেছে দূরে
ঘোড়া দৌঁড়-লাঠি খেলা আসেনা বছর ঘুরে।
আগের মতো গাঁয়ের বধূ পড়েনা নতুন শাড়ি
আনন্দ আর উল্লাস করে যায় না বাড়ি বাড়ি।
জাতি বর্ণের ভেদাবেদ ভুলে পিঠা পুলির ধূম
পালা গানের যাদের সুরে হারিয়ে যেত ঘুম।
রূপ কথার গল্প কথা বলে না নানি খালা
ভোর বেলাতে হয় না গাঁথা বকুল ফুলের মালা।
নতুন বছর তবুও নতুন আসে বছর বছর
এক সাথে মিশে কাটাই বোশেখ সকাল দুপুর।

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

স্বপ্ন বাঁচিয়ে রাখে মানুষ / আবুল বাশার শেখ

মন তো একটা
তবে এতো প্রশ্ন কেন?
ইচ্ছে অনিচ্ছের খেলা
কখনো কি থেমে যায়!
প্রাণের মায়ায় অনেক কিছুই ত্যাগ
করতে হয়, তাই বলে কি -
জীবন থেমে থাকে!

চাওয়া পাওয়া পাশা পাশি
কখনো কি ব্যতিক্রম হয় না?

জীবন চলার গতি স্বপ্ন রোখে দেয়,
আবার স্বপ্নই রাখে বাঁচিয়ে মানুষ।

পাহাড়ও কাঁদে : আবুল বাশার শেখ

দূর থেকে দেখেছি পাহাড়,
দেখেছি অনেক দিন;
একদিন পথ হারিয়ে চূড়ায় উঠে বুঝতে পেরেছি-
পাহাড়ের সব আকুলতা ব্যাকুলতার কথন।
মাথার উপর মেঘমালা খেলা করে
দিয়ে যায় গভীর উষ্ণতা
আনমনে ভুলে যাই সব ক্লান্তি।
হঠাৎ খেয়ালী চোখ-
শ্যাওলায় আবৃত্ত দেহের ভাজে আটকে যায়,
আবিস্কৃত হয় পাহাড়ের কান্না থেমে নেই।
নিথর পাহাড় কাঁদে অবেলায়
পাথরগুলো অজান্তে ক্ষয়ে যায়।
তারিখঃ- ১৪/১১/১২ ইং।

রবিবার, ১১ নভেম্বর, ২০১২

সত্য এখন মৃত // আবুল বাশার শেখ


ভালবাসার রক্ত নদী পাড়ি দিতে হবে মনের রঙিন ভেলায়,
অন্ধকার গ্রাস করার আগেই অন্ধকারকে গ্রাস করা চাই-
মুক্ত বিহঙ্গের চলার গতি দিয়ে।
সুখ পেতে কে না চায় বল, কিন্তু জনা সুখী হয়?
আঁধারকে যদি ভয় কর তবে সে তোমার ঘাড়ে এসে চাপবে,
সুরতাং ভয় বলতে কিছু থাকতে পারবে না।
মনে রাখবে সমাজ থেকে মানবতাবোধ মরে গেছে,
মানুষ এখন স্বার্থের গোলাম, ভুলে গেছে মনুষ্যত্ব নামক শব্দটা।
সত্যের পথে যারা চলতে চায় তারা এখন বোকা
কেননা সত্য এখন এই সমাজে মৃত।
আর সত্যকে গলাটিপে হত্যা করেছে এই সমাজের মুখোসধারী
সমাজপতিরা, যারা গরীবের রক্ত চোষা হয়ে অট্টালিকার মালিক।